বিনোদন ডেস্ক:
যুক্তরাজ্যের বাংলাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে প্রিমিয়ার করা হবে রায়হান রাফী নির্মিত সিনেমা ‘প্রেশার কুকার’-এর। আগামী ২২ এপ্রিল সিনেমাটির এই বিশেষ প্রদর্শনী সম্পন্ন হবে।
Manual2 Ad Code
আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যেই উৎসবের এবারের আসরে ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে। লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Manual8 Ad Code
‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ উৎসবটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রায়হান রাফী সংবাদমাধ্যমে জানান, এই সিনেমাটি মূলত আর্টিস্টিক ধাঁচের। এই ধরনের চলচ্চিত্র সাধারণত উৎসবের দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটির প্রদর্শনী সফলভাবে চলছে। এরই মধ্যে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়াকে পুরো টিমের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
উল্লেখ্য, দেশের গণ্ডি পেরিয়ে চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে ‘প্রেশার কুকার’। এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী।