মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন নাজিফা তুষি। এরপর দীর্ঘ সময়ের বিরতি। গত ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
এবার কোরবানির ঈদে ‘রইদ’ সিনেমা নিয়ে হাজির হয়েছেন। এ সিনেমার অন্যতম প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় তিনি। ছবিটিতে একেবারে ভিন্নধর্মী রূপে হাজির হয়েছেন তিনি। পৌরাণিক গল্পের সঙ্গে এই সময়ের সমন্বয়ে একটি রূপক গল্পে ‘রইদ’ বানিয়েছেন সুমন। এতে গ্ল্যামারের বাইরে নিজেকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তুষি।
এ বিষয়ে তিনি বলেন, ‘রইদ’ আমার ক্যারিয়ারের একটি অন্যতম দিক হয়ে থাকবে। কারণ এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপনের স্বপ্ন হয়তো থাকে অভিনেত্রীদের। ‘হাওয়া’র পর আমি সেই সুযোগ পেয়েছি ‘রইদ’-এ। এটা আমার জন্য বিশাল পাওয়া। আর দর্শক ছবিটিকে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমি অভিভূত, মুগ্ধ।
Manual5 Ad Code
শুধু সিনেমায়ই নয়, তুষি আলোচনায় এসেছেন সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘অ্যানি’ সিরিজের ট্রেলারের মাধ্যমেও। জার্মানির কোলনে ‘সিনেনোভা’ ভেন্যুর থিয়েটার ৩-এ মঙ্গলবার বিশ্ব প্রিমিয়ার হয়েছে বাংলাদেশি সিরিজ ‘অ্যানি’র। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তুষি। তুষির চরিত্র অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পান, যেখান থেকে তিনি প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পান না।
Manual8 Ad Code
আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ কাজ নিয়ে তুষি বলেন, এটা আমার ক্যারিয়ারের আরেকটি উজ্জ্বল দিক। এ সিরিজে অভিনয় করতে গিয়ে পরিচালকের কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেক নতুন উপলব্ধি হয়েছে আমার। বলতে পারেন দৃষ্টিকোণ বদলে গেছে আমার। আমি আশা করবো, ভবিষ্যতেও যেন ভিন্ন ভিন্ন কাজে নিজেকে সমৃদ্ধ করতে পারি।