নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৫০ জন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৫ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Manual2 Ad Code
প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৫০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন।
Manual3 Ad Code
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের রোগী ভর্তি রয়েছেন ৫৫৬ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৬ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন চিকিৎসাধীন।
Manual7 Ad Code
এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৯ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে নতুন কোনো মৃত্যু হয়নি। তবে চলতি বছর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে মিলিয়ে সিলেট বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৭২ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে মোট ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
Manual1 Ad Code
নতুন করে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের রোগীদের চিকিৎসা দিতে চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য।