স্টাফ রিপোর্টার:
সিলেটসহ সারাদেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে গ্যাস সরবরাহ কমতে পারে। এতে বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিলেও সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না।
Manual5 Ad Code
মঙ্গলবার (৩ নভেম্বর) দেওয়া এক বার্তায় পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।
পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের কার্যক্রম বন্ধ থাকবে।
এ পরিস্থিতিতে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমার আশঙ্কা রয়েছে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে দেশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধের খবর সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত সিলেটসহ জালালাবাদ গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
Manual7 Ad Code
এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
Manual6 Ad Code
পেট্রোবাংলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরে আতঙ্কিত না হয়ে সংস্থাটির দেওয়া তথ্য অনুসরণের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।