স্টাফ রিপোর্টার:
পুলিশের ইউনিফর্মের ওপর বোরকা পরে গাজীপুরের জয়দেবপুর থানায় গিয়ে কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় হাতেনাতে ধরা পড়লেন এক ভুয়া নারী এসআই। পরে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় ঘটনাটি ঘটে।
Manual8 Ad Code
জানা যায়, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় যান তানিয়া (২৭)। তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়।
সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।
Manual8 Ad Code
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
Manual2 Ad Code
স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেইসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তার স্বামী ও এক পুত্রসন্তান রয়েছে।
Manual8 Ad Code
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, বা কোনো অপরাধে জড়িত ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।