৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, বাদীর বিরুদ্ধেই মামলার নির্দেশ
৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, বাদীর বিরুদ্ধেই মামলার নির্দেশ
editor
প্রকাশিত মে ৫, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
Manual3 Ad Code
Manual1 Ad Code
নাটোর প্রতিনিধি:
Manual5 Ad Code
নাটোরের গুরুদাসপুরে একটি হত্যাচেষ্টা মামলায় সাত বছর বয়সী শিশুর বয়স ২১ বছর দেখিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলার বাদীর বিরুদ্ধেই পাল্টা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই বখতিয়ার হোসেনকে আগামী সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল প্রথম শ্রেণির ওই শিশু জামিনের জন্য আদালতে হাজির হলে বিচারক মামলার নথিতে দেখেন এজাহারে শিশুটির বয়স ২১ বছর লেখা হয়েছে, যদিও জন্মনিবন্ধন অনুযায়ী তার প্রকৃত বয়স মাত্র সাত বছর। এরপর আদালত শিশুটির জামিন মঞ্জুর করেন এবং বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন।
মঙ্গলবার শুনানিতে বাদী শাহানুর রহমান নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তা নাকচ করে দিয়ে বলেন, বয়স দুই-এক বছর কমবেশি হতে পারে, কিন্তু সাত বছরের শিশুর বয়স ২১ বছর লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর তদন্তকারী কর্মকর্তাকে দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারায় বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।
Manual5 Ad Code
Manual1 Ad Code
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল কাদের জানান, এই ধারায় ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আদালতের এই আদেশ হয়রানিমূলক মামলা রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।