প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কারাগারে থেকেও বেতন তুলতেন প্রভাষক, আছে ৭৫ হজযাত্রীর সঙ্গে প্রতারণার মামলা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
কারাগারে থেকেও বেতন তুলতেন প্রভাষক, আছে ৭৫ হজযাত্রীর সঙ্গে প্রতারণার মামলা

Manual5 Ad Code

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

Manual7 Ad Code

রংপুরের কাউনিয়ায় কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন উত্তোলন করছিলেন মীরবাগ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী বাবু। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগসহ তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Manual7 Ad Code

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম মাজেদের সই করা এক নোটিশে তাঁকে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নোটিশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে গভর্নিং বডির অনুমোদন, চার বছরের চুক্তিপত্র এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দীর্ঘদিন ‘শিক্ষা ছুটি’র নামে অনুপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ আলী বাবু। এ ছাড়া দুর্নীতি ও ফৌজদারি মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় প্রতারণামূলকভাবে এবং অবৈধ সুবিধা নিয়ে সরকারি এমপিওভুক্ত পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন ও আত্মসাৎ করেছেন, যা সরকারি অর্থের অপচয়ের শামিল।

নোটিশে আরও বলা হয়েছে, একই সঙ্গে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় ছদ্মবেশে ও অনিয়মতান্ত্রিক উপায়ে (ভৌতিকভাবে) সই করেছেন। ২০২৪ সালে ৪৪ দিন এবং ২০২৫ সালে ৯ দিন সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন তিনি। তাঁর দীর্ঘ অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার কারণে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

মাউশির নোটিশে বলা হয়েছে, শিক্ষা বিধিমালা ও সরকারি চাকরি আইনের পরিপন্থী এই গুরুতর অসদাচরণ, জালিয়াতি এবং আর্থিক অনিয়মের দায়ে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা নোটিশ প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

Manual2 Ad Code

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ১৯ আগস্ট মাউশির রংপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম মাজেদ এবং উপপরিচালক (কলেজ) কামরুজ্জামান পাইকার সরেজমিন মীরবাগ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনায় মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা খুঁজে পান তাঁরা।

পরবর্তী সময়ে আগস্ট মাস থেকে মোহাম্মদ আলী বাবুর বেতন বন্ধ করা হয় এবং ৩০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ ও বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

মাউশির রংপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম মাজেদ বলেন, মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিতি, কারাবন্দী থাকা অবস্থায় অবৈধভাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষরের গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পরিচালক আরও বলেন, এ ছাড়া হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন বলে মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে মামলাও করেছেন ভুক্তভোগীরা।

মাউশির রংপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম মাজেদ জানান, ২০২৪ সালে হজে পাঠানোর নামে ৭৫ জন হজযাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে ওই বছরের ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর আগে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করায় দিয়া ইন্টারন্যাশনাল নামের হজ এজেন্সির পরিচালক (এমডি) মোহাম্মদ আলী বাবুসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগে চিঠিও দেয় ধর্ম মন্ত্রণালয়।

পরিচালক আরও জানান, ২০২৪ সালের শেষ দিকে নীলফামারী থেকে বাবুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে বেরিয়ে আসেন। সবশেষ গত ১৫ মে দিবাগত রাতে রংপুর মহানগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন ১৬ মে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাগারে বন্দী থাকার পর আবার জামিনে বের হন। কারাগারে বন্দী থাকলেও কলেজ থেকে এমপিও শিটে তাঁর নাম তালিকাভুক্ত করা হয় এবং গত মে, জুন ও জুলাই মাসের সমুদয় বেতনও দেওয়া হয়।

তবে উপস্থিতি রেজিস্ট্রারে মোহাম্মদ আলী বাবুর নামের জায়গায় ১০ মে থেকে শিক্ষা ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে মীরবাগ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী বাবুর সঙ্গে মোবাইল ফোনে কল এবং খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code