বিনোদন ডেস্ক :
বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। পরিচিতি পেয়েছেন দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করে। এবার সেই মুকেশ ঋষিকেই দেখা যাবে ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন মুকেশ ঋষি। সিনেমাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে তার।
Manual5 Ad Code
এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’
বলিউডের সিনেমায় খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি থাকলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি আরও বিস্তৃত। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
Manual8 Ad Code
এছাড়া ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান মুকেশ ঋষি। এবার ‘নসিব’-এর মাধ্যমে তার অভিনয়জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে।