নিউজ ডেস্ক:
দেশের শ্রম অধিকার সংক্রান্ত বিধিমালা অনুসারে কর্মচারীরা হজ পালনের জন্য ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি ভোগ করতে পারবেন। এই সময়ের মধ্যেই ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে- কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
Manual7 Ad Code
ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, এই হজের ছুটি একজন কর্মী তার পুরো চাকরি জীবনে মাত্র একবারই গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, এই সুযোগ কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা আগে কখনো হজ পালন করেননি।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিচালনগত প্রয়োজনের ভিত্তিতে প্রতি বছর কতজন কর্মীকে ছুটি দেওয়া হবে, তা নির্ধারণ করতে পারবেন নিয়োগকর্তারা।
Manual2 Ad Code
মন্ত্রণালয়ের মতে, এই আইনি উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য ধর্মীয় দায়িত্ব পালন সহজতর হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে।