সিলেটের কানাইঘাট যে পরিত্যক্ত কূপ থেকে আবার তেল-গ্যাস উত্তোলন চান এমপি শাম্মী
সিলেটের কানাইঘাট যে পরিত্যক্ত কূপ থেকে আবার তেল-গ্যাস উত্তোলন চান এমপি শাম্মী
editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুলে অবস্থিত পরিত্যক্ত ‘আটগ্রাম-১ নম্বর কূপ’ থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কূপটির সম্ভাব্যতা নতুন করে যাচাইয়ের মাধ্যমে তেল-গ্যাস উত্তোলনের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছেন শাম্মী আক্তার। গত ১৫ নভেম্বর দেওয়া নোটিশটি সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) নোটিশটি কার্যতালিকায় রাখা হয়েছে।
Manual8 Ad Code
নোটিশে বলা হয়, সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় এক কিলোমিটার দূরে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে একটি সম্ভাবনাময় তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রচেষ্টায় এর সন্ধান ও খননপ্রক্রিয়া গতি পায়।
Manual4 Ad Code
নোটিশ অনুযায়ী, ১৯৮১ সালের ২৫ জুন পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে ‘আটগ্রাম-১ নম্বর কূপের’ খননকাজ শুরু করে। পরে ১৬ হাজার ২৭৬ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়। খননকালে ছয়টি সম্ভাবনাময় স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি ও প্রবাহ পাওয়া যায় বলে পেট্রোবাংলার তৎকালীন প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক গড়ে ০.১৫৭ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১ হাজার ২৩৪ ব্যারেল তরল উপাদান পাওয়া যাচ্ছিল। তবে কিছুদিন পর ভূগর্ভস্থ চাপ কমে যাওয়ায় প্রাকৃতিক প্রবাহ বন্ধ হয়ে যায়। তৎকালীন প্রযুক্তির সীমাবদ্ধতা ও উত্তোলনের উচ্চ ব্যয়ের কারণে বাণিজ্যিকভাবে অলাভজনক বিবেচনায় ১৯৮২ সালের ১০ জুন কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নোটিশে শাম্মী আক্তার বলেন, আশির দশকের খননপ্রযুক্তির সঙ্গে ২০২৬ সালের আধুনিক প্রযুক্তির ব্যাপক পার্থক্য রয়েছে। সে সময় ভূগর্ভস্থ চাপ ধরে রেখে খনিজ উত্তোলনের জন্য আনুভূমিক খনন কিংবা উন্নত হাইড্রোলিক ফ্র্যাকচারিংয়ের মতো প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক ত্রিমাত্রিক সিসমিক জরিপ ও গভীর অনুসন্ধান প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন পরিত্যক্ত খনি থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলন করা হচ্ছে।
Manual3 Ad Code
তিনি বলেন, দেশের তীব্র জ্বালানি চাহিদা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কূপটির সম্ভাব্যতা পুনরায় যাচাই করা হলে তেল-গ্যাস উত্তোলনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
নোটিশে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানিনির্ভরতা কমানো এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের স্বার্থে কানাইঘাটের বড়চাতলে অবস্থিত আটগ্রাম-১ নম্বর কূপ থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া অত্যাবশ্যক।