প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই সফর, ১৪৪৮ হিজরি

অভিযোগের পাহাড় দুদকে, সমাধান কীসে?

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০১:২৪ অপরাহ্ণ
অভিযোগের পাহাড় দুদকে, সমাধান কীসে?

Manual8 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

অ্যাডভোকেট তৌফিকা করিম। যিনি একাধারে একজন আইনজীবী, মানবাধিকারকর্মী ও ব্যাংকার। আইন অঙ্গনে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমেছে।

Manual6 Ad Code

এবার তৌফিকা করিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ। সাবেক মন্ত্রীর যোগসাজশে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ তৌফিকার বিরুদ্ধে। তার মতোই বিগত সরকারের মদতপুষ্ট নেতাকর্মী, আমলাদের বিরুদ্ধে প্রতিদিনই দুদকে জমা পড়ছে শত শত অভিযোগ।

 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মী ও সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ বাড়তে থাকে দুদকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর ১৩ আগস্ট থেকে সংস্থাটির অনুসন্ধান কার্যক্রমে গতি পায়। প্রতি কার্যদিবসে নতুন নতুন ব্যক্তিদের বিরুদ্ধে কাজ শুরু করে কমিশন। তলব, অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ ও বিভিন্ন দপ্তরে তথ্য চাওয়া শুরু করে।

 

তবে গত ২৯ অক্টোবর মঈনুদ্দিন কমিশনের আকস্মিক পতনের পর থমকে গেছে এসব কার্যক্রম। ওইদিন হঠাৎ করেই দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ এবং সংস্থাটির দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেন। ২০২১ সালের ৩ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দিন আবদুল্লাহকে দুদকের চেয়ারম্যানের দায়িত্ব দেন রাষ্ট্রপতি। পদত্যাগ করা দুই কমিশনারের মধ্যে জহুরুল হক একজন সাবেক জেলা জজ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান। আছিয়া খাতুন সরকারের সাবেক সচিব ছিলেন।

পদত্যাগের পর দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের নাম প্রস্তাব করতে গত ১০ নভেম্বর বাছাই কমিটি গঠন করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

 

 

Manual3 Ad Code

জানা গেছে, মঈনউদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের পর নতুন কোনো অনুসন্ধান শুরু করেনি দুদক। বিভিন্ন অনুসন্ধানের ঘটনায় মাত্র তিনটি তলব ও একই সংখ্যক মামলা হয়েছে। এর মধ্যে আলোচিত কোনো মামলা নেই।

এর আগের সপ্তাহে ২২ থেকে ২৯ অক্টোবর তলবের ঘটনা ছিল ৫টি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির মামলা হয়েছে।

দুদকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর অনেকটাই থমকে গেছে দুদকের নিয়মিত কার্যক্রম। বিশেষ করে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত, মামলার সিদ্ধান্ত, অভিযোগপত্রের সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যাহত হচ্ছে। এছাড়া ডাকযোগে ও কলসেন্টারযোগে আসা শত শত অভিযোগ যাচাই-বাছাই শেষে সেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

 

এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি দুদক কর্মকর্তারা। তারা বলছেন, কমিশনের এখতিয়ার ছাড়া গণমাধ্যমে কথা বলায় বিধিনিষেধ রয়েছে।

 

দ্রুত কমিশন গঠনের আহ্বান

 

দুদকের আইন অনুযায়ী, সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের। কমিশন শূন্য থাকলে এসব সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলে যত দ্রুত কমিশন গঠন হবে, তত দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে দুদক।

এ কারণেই দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী সরকারের শতাধিক মন্ত্রী-এমপি এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের কাজ চলমান। এমন একটি সময়ে শীর্ষ পর্যায়ে শূন্যতা দুদকের তদন্তসহ সব কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করবে। কেননা নতুন কমিশন গঠনের আগ পর্যন্ত নতুন করে কারও বিরুদ্ধে অনুসন্ধান শুরু ও তদন্ত বা মামলার সুযোগ থাকবে না। ফলে দ্রুত নতুন কমিশন গঠনের মাধ্যমে এ শূন্যতা পূরণ করা জরুরি।’

 

চলমান অনুসন্ধান ও তদন্ত চলবে

 

দুদক সূত্র জানায়, গত সপ্তাহে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমন্বয় সভা করেন। এতে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, চলমান অনুসন্ধান ও তদন্তের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাবেন কর্মকর্তারা। নতুন কমিশন না আসা পর্যন্ত আইন ও বিধি অনুযায়ী দুদকের কার্যক্রম অব্যাহত থাকবে। জমা পড়া অভিযোগগুলো যাচাই-বাছাই চলবে। নতুন কমিশন এলেই সেগুলো সভায় তোলা হবে।

Manual3 Ad Code

 

প্রতি কার্যদিবসে দুদকে ৩০০ অভিযোগ জমা

 

জানা গেছে, প্রতি কার্যদিবসেই দুদকে শতাধিক অভিযোগ জমা পড়ে। এছাড়া দুদকের হটলাইন ১০৬ নম্বরে আরও শতাধিক অভিযোগ জমা পড়ে। এছাড়া বিভিন্ন সমন্বিত জেলা কার্যালয়েও ভুক্তভোগীরা অভিযোগ করেন। এ সংখ্যাটাও কম নয়। প্রতি কার্যদিবসেই অন্তত ৩০০ অভিযোগ জমা পড়ছে বলে জানা গেছে।

এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দুদকের দায়ের করা ঢাকা ও ঢাকার বাইরে নিম্ন আদালতে তিন হাজার ৫০০ মামলা বিচারাধীন। যার মধ্যে প্রায় তিন হাজার বিচার কার্যক্রম চলমান এবং হাইকোর্টের আদেশে প্রায় ৫০০ মামলার বিচার কাজ স্থগিত আছে। উচ্চ আদালতে ৭৩২টি রিট, ৯২৭টি ফৌজদারি বিবিধ মামলা, এক হাজার ২২৩টি ক্রিমিনাল আপিল ও ৬৮১টি ফৌজদারি রিভিশন মামলা নিষ্পত্তির অপেক্ষায়। দুই শতাধিক অনুসন্ধান কার্যক্রম চলমান। অনুসন্ধানের অপেক্ষায় আরও অর্ধ শতাধিক ব্যক্তির ফাইল।

 

 

দুদক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে অনেকটা রিল্যাক্স মুডেই আছেন তারা। পাশাপাশি কে আসবেন দুদকের দায়িত্বে, তা নিয়ে করছেন জল্পনা-কল্পনা।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দুদক কর্মকর্তা বলেন, ‘আইন ও বিধি অনুযায়ী এ মুহূর্তে কোনো অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই। কমিশন তাদের বেসিক কাজগুলো করছে। দুদক দ্রুত পুনর্গঠন হলে কাজে গতি পাবে। নতুন নতুন অনুসন্ধান শুরু হবে।’

 

কারা আছেন বাছাই কমিটিতে

 

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

Manual1 Ad Code

এই কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। এতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী এই বাছাই কমিটি দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে উপস্থিত সদস্যদের অন্যূন তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। অন্যূন চারজন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code