টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের ঘোষণা কাদের সিদ্দিকীর
টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের ঘোষণা কাদের সিদ্দিকীর
editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের ওই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার আহ্বান জানিয়েছেন।
Manual4 Ad Code
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তাঁর সমর্থকদের বিরুদ্ধে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেওয়ার ঘটনাকেও আহমেদ আযম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
Manual3 Ad Code
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘আমরা তারেক রহমানের পক্ষে জাতীয় রাজনীতিতে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব। তিনি এমপি হলে সখীপুর-বাসাইলের উন্নয়ন হবে না; বরং এলাকার মানুষের পাশাপাশি আমাদের দলেরও ক্ষতি হবে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল এমপি হলে অন্তত আমাদের ক্ষতি হবে না।’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতে ইসলামী সঠিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিষয়ে অবস্থান পরিবর্তনের প্রশ্নই আসে না।
Manual1 Ad Code
আলোচনার একপর্যায়ে শেখ হাসিনার রাজনৈতিক পতন প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, আল্লাহকে না মানার কারণেই তার পতন হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শুরুতে ওই আন্দোলনকে সমর্থন করলেও বর্তমানে আর সমর্থন দিচ্ছেন না।
Manual8 Ad Code
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু এবং বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।