সিলেটে জামায়াত নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে প্রকৌশলীর মামলা
সিলেটে জামায়াত নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে প্রকৌশলীর মামলা
editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ) রাতে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বাদী হয়ে চুরির মামলা করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক গ্রামের মাহফুজুল ইসলাম চৌধুরী (২৫), বীরেন্দ্র দাস (৬৫), মিন্টু দাস (৩২), সাকিব আহমদ (১৮), ভজন দাস (২৯) ও আলতাফ আহমদ লস্কর (৬৫)। তাদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী উপজেলা যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক।
Manual1 Ad Code
জানা গেছে, মাহফুজুল ইসলাম চৌধুরী ইট লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুকে সোচ্চার ছিলেন। তিনি ফেসবুকে লেখেন, ‘লড়াই চলবে। কোনো আপোষ নয়! সত্য সুন্দর এবার প্রমাণিত হবেই।’
Manual1 Ad Code
এর আগে জকিগঞ্জের কসকনকপুরের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট চুরির ঘটনায় ওই এলাকায় টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়। টাস্কফোর্সের নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় ইট উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়।
Manual3 Ad Code
স্থানীয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড–পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীন সুরমা নদীর বাঁধের মেরামত কাজের জন্য ওই রাস্তায় মাটি ভরাট করা হচ্ছে। যে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদ্রাসার মাঠে রাখার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী কিছু ইট রাস্তা থেকে তুলে মাঠে রাখা হয়েছিল। তবে এর মধ্যে অধিকাংশ ইট রাস্তা থেকে লুটের ঘটনা ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছিল টাস্কফোর্স।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, রাস্তা থেকে ইট লুটের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।