হালের ব্যস্ততম চিত্রনায়িকা শবনম বুবলী দেশে নেই। তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে। এমন গুঞ্জন ঈদের আগে থেকেই ভেসে বেড়াচ্ছে।
Manual8 Ad Code
নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র মতে, ঈদের বেশ কিছুদিন আগেই দেশ ছেড়েছেন এ নায়িকা। সেখানেই থাকবেন অন্তত ছয় মাস। তবে বুবলী দেশে না থেকেও যেন আছেন! সেটা কীভাবে? ঈদের প্রতিটি মাধ্যমে দেখা গেছে তার সরব উপস্থিতি। প্রেক্ষাগৃহে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’।
রায়হান রাফী পরিচালিত এ ছবিটি এরইমধ্যে আলোচনায় রয়েছে। তাতে বুবলীর অভিনয়ও হচ্ছে প্রশংসিত। শুধু তাই নয়, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বে এবার প্রথমবারের মতো গান গেয়েছেন তিনি। তাও আবার সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে। এর আগে ইত্যাদিতে অনেক অভিনেত্রীই গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। তবে বুবলীকে এর আগে কালেভদ্রেও কেউ কোথাও গাইতে শোনেননি অথবা দেখেননি। সেদিক থেকে ইত্যাদিতে তার গান অনেকটা চমকে দিয়েছে দর্শকদের। শুধু তাই নয়, ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের গানটি রীতিমতো এখন আলোচনায় রয়েছে। গানটিতে ইমরানের সঙ্গে বুবলীর পারফরম্যান্সও দর্শক প্রাণভরে উপভোগ করেছেন।
Manual6 Ad Code
এদিকে, বুবলীর ‘পিনিক’, ‘শাপলা শালুক’সহ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। ধারণা করা হচ্ছে, অন্তত দেড় বছরের একটা বিরতিতে যাবেন বুবলী। সেই সময়টায় এই ছবিগুলো দিয়ে দর্শকদের সঙ্গে ঠিকই থাকছেন এ নায়িকা।