জৈন্তাপুর প্রতিনিধ:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার দরবস্ত এলাকার ছোটারী সেনগ্রাম থেকে তাদের আটক করা হয়।
Manual3 Ad Code
পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। তথ্য ছিল, ছোটারী সেনগ্রাম এলাকায় নিজ বসতঘরে দুই ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছেন।
Manual6 Ad Code
পরে বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই দুইজন। তবে তাৎক্ষণিক অভিযানে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ছোটারী সেনগ্রামের মিন্নত উল্লাহ মন্টুর ছেলে কুদরত উল্লাহ (৪৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (৪০)। তল্লাশি চালিয়ে কুদরত উল্লাহর কাছ থেকে ২৭ পিস এবং জাহেদা বেগমের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, জব্দকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ায় জব্দতালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।