অর্থ ও ক্ষমতার দাপটে কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছে, আবার আর্থিক সংকট ও অপরাধী চক্রের প্রলোভনে পড়ে কেউ জড়িয়ে পড়ছে ছিনতাই, মাদক ও চাঁদাবাজিতে। সমাজের এই দুই ভিন্ন শ্রেণির সন্তানদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনের কারণ আলাদা হলেও জবাবদিহির অভাব ও পারিবারিক পরিবেশের ভূমিকাই এর জন্য প্রধানত দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রভাবশালী পরিবারের সন্তানদের মধ্যে অপরাধ করেও পার পাওয়ার একধরনের মানসিকতা তৈরি হচ্ছে। অন্যদিকে নিম্নবিত্ত পরিবারের অনেক তরুণকে অপরাধীরা ব্যবহার করছে নিজেদের স্বার্থে। কারও হাতে রয়েছে দামি গাড়ি, বিপুল সম্পদ ও পারিবারিক পরিচয়ের জোর; আবার কারও হাতে অপরাধের বাহক হওয়ার বিনিময়ে পাওয়া সামান্য অর্থ। দুই শ্রেণির এই ভিন্ন বাস্তবতা সন্তানদের বেড়ে ওঠা, পারিবারিক নজরদারি ও সামাজিক জবাবদিহির সংকটকেই সামনে আনছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার মনে করেন, নিম্ন আয়ের পরিবারের সন্তানদের আর্থিক সংকট, স্কুল থেকে ঝরে পড়া এবং অভিভাবকের পর্যাপ্ত নজরদারির অভাব তাদের অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়। অন্যদিকে প্রভাবশালী ও আমলাতান্ত্রিক পরিবারের সন্তানদের মধ্যে অঢেল সম্পদ, সীমাহীন চাওয়া-পাওয়া এবং অপরাধ করেও অভিভাবকের প্রভাব খাটিয়ে পার পাওয়ার ধারণা একটি বেপরোয়া মানসিকতা তৈরি করতে পারে।
অধ্যাপক সালমা আক্তার বলেন, ‘সাধারণত নিম্ন আয়ের পরিবারের সন্তানরা আর্থিক সংকটের কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবারগুলো ঢাকাসহ বড় শহরে এসে যখন বস্তি এলাকায় বসবাস শুরু করে, তখন অনেক শিশুর মা-বাবার খোঁজ থাকে না। কেউ স্কুল থেকে ঝরে পড়ে, আবার কারও মা-বাবা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার কারণে সন্তানের প্রতি যথাযথ নজর দিতে পারেন না। এ সুযোগে সমাজের প্রভাবশালী ব্যক্তি ও অপরাধীরা এসব শিশুকে লক্ষ্যবস্তু বানিয়ে অপরাধে জড়িয়ে ফেলে।’
প্রভাবশালী পরিবারের সন্তানদের বিষয়ে তিনি বলেন, ‘প্রভাবশালী ও আমলাতান্ত্রিক পরিবারের সন্তানদের অনেকেই মা-বাবাকে কাছে পায় না। অন্যদিকে হাতের কাছে অঢেল সম্পদ থাকায় তারা বস্তুগত সুবিধা অর্জনের প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। একবার এই প্রবণতা তৈরি হলে তাদের চাওয়া-পাওয়া সীমাহীন হয়ে যায়। তখন যেকোনো অপরাধ করতে তারা ভয় পায় না। তাদের মধ্যে এমন মানসিকতাও তৈরি হয় যে অপরাধ করলেও বাবা-চাচারা প্রভাব খাটিয়ে তাদের ছাড়িয়ে আনবেন।’
Manual6 Ad Code
আলোচিত তিন ঘটনা
১ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. শিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক রিকশাচালক। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিলেও কাউকে আটক করতে পারেনি।
২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪)। এ সময় দ্রুতগতির একটি কালো গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক ধনাঢ্য ব্যক্তির কিশোর পুত্র গাড়িটি চালাচ্ছিল।
২০২৪ সালের ঈদুল আজহায় ১৫ লাখ টাকা দামের একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। সামাজিক মাধ্যমে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য ছড়িয়ে পড়ে।
এর আগে ২০১৭ সালে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেখানে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করা হয়েছিল।
Manual3 Ad Code
শ্রেণিভেদে ভিন্ন কারণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘সাধারণত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বাহক হিসেবে ব্যবহার করা হয়। তবে যারা চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন, এমনকি খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ে, তাদেরই কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে বিবেচনা করা হয়।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘আমাদের থানায় ছিনতাই, চুরি, মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যেসব আসামি গ্রেপ্তার হচ্ছে, তাদের অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের সন্তান। এসব অপরাধে তাদের জড়িয়ে পড়ার বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’
অধ্যাপক সালমা আক্তার বলেন, ‘শিশুরা যখন দেখে ছোটখাটো অপরাধ করেই টাকা ও ক্ষমতা পাওয়া যাচ্ছে, তখন তাদের মধ্যে অপরাধের প্রতি আগ্রহ তৈরি হয়। এভাবেই একসময় তারা বড় অপরাধে জড়িয়ে পড়ে।’ প্রভাবশালী পরিবারের সন্তানদের ‘নেপো কিডস’ বলা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এদের নেপো কিডস বলা যায়।’
পারিবারিক পরিচয়ে বিশেষ সুবিধা
মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন বিভাগের প্রধান (লিড) ওয়াসিউর রহমান তন্ময় বলেন, ক্ষমতাবান বা প্রভাবশালী পরিবারের সন্তানদের মধ্যে বিশেষ সুবিধা পাওয়ার মানসিকতা তৈরির পেছনে পারিবারিক পরিবেশ, সামাজিক অবস্থান ও ক্ষমতার চর্চা কাজ করে। ছোটবেলা থেকে পরিবারের পরিচয়, অর্থ, রাজনৈতিক প্রভাব কিংবা সামাজিক অবস্থানের কারণে অন্যদের তুলনায় বেশি সুযোগ পেলে তাদের মধ্যে একধরনের অধিকারবোধ তৈরি হয়। তারা ভাবতে শুরু করে, অন্যদের জন্য যে নিয়ম প্রযোজ্য, তাদের জন্য তা প্রযোজ্য নয়।
তার মতে, পারিবারিক ও সামাজিক জবাবদিহির অভাব বেপরোয়া আচরণকে উৎসাহিত করে। কোনো অন্যায় বা অসঙ্গতিপূর্ণ আচরণের পর সন্তান পরিবারের কাছ থেকে প্রশ্নের মুখোমুখি না হলে বরং পরিবার তাকে রক্ষা করার চেষ্টা করলে সে নিজের আচরণের দায় নিতে শেখে না। অন্যায় করলে পরিচয় বা অবস্থান নির্বিশেষে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
Manual5 Ad Code
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, বাংলাদেশে ক্ষমতাবান পরিবারের সন্তানদের বিশেষ সুযোগ পাওয়া কিংবা নিজেদের বেশি গুরুত্বপূর্ণ মনে করার প্রবণতা নতুন নয়। ক্ষমতাবান ব্যক্তি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে জনপ্রতিনিধি, সংসদ সদস্য কিংবা মন্ত্রী হলে তার সন্তান ও আত্মীয়-স্বজনও নিজেদের বিশেষ ক্ষমতাবান মনে করেন। তিনি বলেন, ‘এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের যতটা না দোষ, তার চেয়ে বেশি আমাদের ব্যবস্থার সমস্যা। ক্ষমতাবান ব্যক্তিরা বক্তৃতায় সমান অধিকারের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না।’ তার মতে, ক্ষমতাকে প্রশ্ন করার সংস্কৃতি এবং পারিবারিক জবাবদিহি প্রতিষ্ঠা না হলে এই প্রবণতা কমানো কঠিন।
সাবেক আইজিপি মইনুল ইসলাম বলেন, নেপো কিডসের ধারণা বাংলাদেশে অনেক আগে থেকেই রয়েছে। হয়তো আগে শব্দটি পরিচিত ছিল না। এটি এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাব্যবস্থার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্রের দায়িত্ব পালনকারী এআইজি কামারুন মুনিরা বলেন, ‘আইন সবার জন্য সমান। কেউ প্রভাবশালীর সন্তান হোক কিংবা দরিদ্র পরিবারের সন্তানÑ বাংলাদেশ পুলিশ সব সময় আইনের মধ্য দিয়েই কার্যক্রম পরিচালনা করে।