প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উপবৃত্তির টাকা যাচ্ছে অন্যের পকেটে!

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
উপবৃত্তির টাকা যাচ্ছে অন্যের পকেটে!

Manual3 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual7 Ad Code

রাজধানীর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইএসআইটি) পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফাহিম। ৫ বছর আগে বাবাকে হারিয়েছেন। ঢাকায় মেসে থাকেন। দুটি টিউশনি আর উপবৃত্তির অর্থ দিয়ে কোনো রকম পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ৬ মাস পার হলেও উপবৃত্তির ৫ হাজার টাকা তার অ্যাকাউন্টে আসেনি। অনেকবার কলেজ শিক্ষককে জানিয়েছেন। বন্ধুদেরও বলেছেন। পরে খবর পেলেন শুধু তিনি নন, তার ক্লাসের ৮০ জন শিক্ষার্থীই উপবৃত্তির টাকা পাননি। কে বা কারা উপবৃত্তির সফটওয়্যারে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে টাকা হাতিয়ে নিয়েছে। কলেজের টিউশন ফি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় এখন ফাহিমের দিন কাটছে। বিষয়টি জানাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ঘুরেছেন তিনি। কিন্তু তাৎক্ষণিক কোনো সমাধান পাননি। শুধু বলা হয়েছে হ্যাকাররা টাকাটি হাতিয়ে নিয়েছে। কিন্তু ফাহিম বলেছেন, হ্যাকাররা টাকাটা হাতিয়ে নিতে হলে আমার মোবাইলে ওটিপি পাঠাবে। এমনতো ঘটেনি। ফাহিমের সন্দেহ হ্যাকার চক্রের সঙ্গে অধিদপ্তরের কারও না কারও যোগসাজশ রয়েছে।

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ নতুন নয়। অতীতে ভুয়া শিক্ষার্থীর তালিকা তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে। এবার অভিযোগ উঠেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘ডিটিই স্টাইপেন্ড এমআইএস’ সফটওয়্যারে প্রবেশ করে শিক্ষার্থীদের নাম, বাবার নাম, ব্যাংক হিসাব ও মোবাইল নম্বর পরিবর্তন করা হচ্ছে। এতে উপবৃত্তির অর্থ প্রকৃত শিক্ষার্থীদের হিসাবে না গিয়ে অন্য হিসাবে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় বাইরের প্রতারক চক্রের পাশাপাশি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কিংবা সফটওয়্যার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেউ জড়িত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আইএসআইটি পলিটেকনিক ইনস্টিটিউট সম্প্রতি শিক্ষার্থীদের উপবৃত্তি না পাওয়ার ব্যাপারে অভিযোগ কারিগরি শিক্ষা অধিদপ্তরে দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২৫-এর ফলের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ১০২ জন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেন। তাদের মধ্যে মাত্র ২২ জনের উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে। বাকি ৮০ জন এখনো টাকা পাননি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শামসুজ্জামান বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। উল্টো তাদের পক্ষ থেকে আমার শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীদের দোষারোপ করা হচ্ছে।

Manual8 Ad Code

আইএসআইটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রায়হান শেখ বলেন, ‘আমি প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে উপবৃত্তির টাকা পেয়েছি। কিন্তু তৃতীয় সেমিস্টারের টাকা পাইনি। আমার বাবার মোবাইল ব্যাংকিং নম্বরে টাকাটি আসে। কেউ কখনো ওটিপি চায়নি। কখনো এ-সংক্রান্ত ফোনকলও আসেনি। তাহলে কীভাবে অ্যাকাউন্ট হ্যাক হলো সেটা বুঝতে পারছি না।

গত এক দশক ধরেই কারিগরি শিক্ষার বেহাল দশা চলছে। ধারাবাহিকভাবে শিক্ষার্থী কমছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (পলিটেকনিকসহ বিভিন্ন ডিপ্লোমা কোর্সে) ৭১ শতাংশের বেশি আসন ফাঁকা রয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে এক বছরের ব্যবধানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৬১ হাজার ৪৫৫ জন। তবে উপবৃত্তি কর্মসূচির ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী, যার মধ্য থেকে নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পাসের হার অর্জনে ব্যর্থ হওয়ায় প্রায় ১ লাখ শিক্ষার্থী উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়েছে বা কমেছে। প্রতিবছর সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির জন্য বছরে সাড়ে ৪০০ কোটি টাকা খরচ করে সরকার। শিক্ষার্থী ১ লাখ কমে যাওয়ায় খরচ নেমে এসেছে ৩০০ কোটিতে। কিন্তু এই অর্থ কি শিক্ষার্থীদের কাছে আদৌ যাচ্ছে!

আইএসআইটি অধ্যক্ষ মো. শামসুজ্জামান বলেন, ‘আমার প্রতিষ্ঠানের ৮০ শিক্ষার্থীর ৬ মাসে ৪ লাখ টাকা হারিয়ে গেল। সারা দেশে এমন হাজারো প্রতিষ্ঠান রয়েছে। বছরে তাহলে কত কোটি টাকা প্রতারকদের হাতে যাচ্ছে তার কোনো তথ্য কারিগরি মন্ত্রণালয়ের কাছেও নেই।’

 

সফটওয়্যারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যোগসাজশের সন্দেহ

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় DTE Stipend MIS সফটওয়্যার। এ ব্যবস্থায় শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও উপবৃত্তির যোগ্যতার তথ্য সংরক্ষিত থাকে। ফলে সফটওয়্যারে অননুমোদিতভাবে প্রবেশ করে তথ্য পরিবর্তনের অভিযোগ অত্যন্ত গুরুতর। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও এনআইডির মতো গুরুত্বপূর্ণ তথ্য কারা পরিবর্তন করছেন, তা শনাক্ত করার স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া দরকার। সফটওয়্যারে তথ্য পরিবর্তনের অভিযোগ সামনে আসার পর এর সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। শুধু বাইরের হ্যাকার বা প্রতারক চক্র নয়, অধিদপ্তরের ভেতরের কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা সফটওয়্যার পরিচালনা ও তথ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কারও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। এ বিষয়ে খোঁজ নিতে কারিগরি অধিদপ্তরে এই প্রতিবেদক ভুক্তভোগী সেজে গেলে সেখানে জানানো হয়, উপবৃত্তির অর্থ নিয়ে প্রতারণা ঠেকাতে শিক্ষার্থীদের বিভিন্ন সময় সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীদের অসতর্কতার কারণেই এমন সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

শিক্ষার্থী ও অধিদপ্তর মুখোমুখি

কারিগরি শিক্ষার্থী শামিউল ইসলাম বলেন, উপবৃত্তির অনলাইন সিস্টেমে ঢুকে ডেটা কম্প্রোমাইজড বা হ্যাক করে শিক্ষার্থীদের তথ্য পরিবর্তন করা হতে পারে। প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেসব সঠিক অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টের ধরন ও এনআইডি নম্বর দেওয়া হয়েছিল, অজ্ঞাতসারে তা বদলে অসৎ উদ্দেশ্যে অন্য তথ্য বসিয়ে টাকা গায়েব করা হচ্ছে। একজন সাধারণ শিক্ষার্থীর জন্য উপবৃত্তির অর্থ শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি তাদের পড়াশোনা ও দৈনন্দিন চলাচলের বড় অবলম্বন। এভাবে সিস্টেমে ঢুকে হ্যাকিং ও জালিয়াতির মতো গুরুতর অপরাধেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের প্রধান শেখ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পেমেন্ট লগ দেখে বোঝা যাবে কতজন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেয়েছেন আর কতজন পাননি। তবে পেমেন্ট হয়ে যাওয়ার পর কীভাবে অর্থ কোথায় গেছে, তা শনাক্ত করা যাবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ খুঁজে বের করতে হবে, এ ছাড়া আর উপায় নেই।

তিনি দাবি করেন, সফটওয়্যারের পাসওয়ার্ড গোপন থাকার কথা এবং সেটি প্রতিষ্ঠানপ্রধানের কাছে থাকার কথা। কিন্তু প্রতিষ্ঠানপ্রধান কর্মচারীদের হাতে দায়িত্ব দিলে তাদের কেউ পাসওয়ার্ড প্রতারক চক্রের কাছে বিক্রি করে দিতে পারেন। তার মতে, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের গাফিলতি থাকতে পারে।

 

যা বলছেন বিশেষজ্ঞ

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের অভিযোগ একাধিক জায়গা থেকে আসার পরও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। একটি আইটি অডিট করলেই সমস্যার ধরন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব। অডিটে কোন ব্যবহারকারী সফটওয়্যারে প্রবেশ করেছেন, সার্ভারে কোনো ত্রুটি রয়েছে কি না, কিংবা প্রতিষ্ঠানের কর্মচারীদের কেউ তথ্য পরিবর্তনের সঙ্গে যুক্ত কি না, তা বোঝা যাবে।

Manual2 Ad Code

তিনি বলেন, এত শিক্ষার্থী অভিযোগ করছেন, বিষয়টি হেলাফেলা করার সুযোগ নেই। সফটওয়্যারে উপবৃত্তির অর্থ গ্রহণের জন্য যে ব্যাংক হিসাব নম্বর যুক্ত করা হয়েছে, তা তদন্ত করে দেখা সম্ভব। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করে অর্থ কোথায় গেছে এবং কারা তা গ্রহণ করেছেন, তা খুঁজে বের করতে পারে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code