প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শুধু পোশাক দিয়ে রপ্তানি খাত চাঙা রাখা চ্যালেঞ্জের মুখে

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
শুধু পোশাক দিয়ে রপ্তানি খাত চাঙা রাখা চ্যালেঞ্জের মুখে

Manual4 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

রপ্তানির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। বিশ্ববাজারে পোশাকের চাহিদার ওঠানামা, আন্তর্জাতিক ক্রেতাদের মূল্য কমানোর চাপ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ শ্রম অসন্তোষ-সব মিলিয়ে এই শিল্পের সামনে তৈরি হয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানিসংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা। ফলে শুধু রপ্তানি আয় ধরে রাখাই নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখাও কঠিন হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এখনো তৈরি পোশাকনির্ভর। চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল এবং প্লাস্টিক পণ্যের মতো সম্ভাবনাময় শিল্প থাকলেও কোনোটি এখনো তৈরি পোশাকের বিকল্প রপ্তানি ভিত্তি হয়ে উঠতে পারেনি। ফলে পোশাকশিল্পে অস্থিরতা দেখা দিলে তার প্রভাব পড়ে সামগ্রিক রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা প্রবাহ, কর্মসংস্থান ও বিনিয়োগে।

Manual4 Ad Code

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। একটি নির্দিষ্ট খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রপ্তানি খাতের জন্য বড় ঝুঁকি। কোনো কারণে আন্তর্জাতিক বাজারে এ খাতের চাহিদা কমে গেলে সামগ্রিক রপ্তানি আয়ও বাধাগ্রস্ত হবে। এ ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ জরুরি।

অর্থনীতিবিদ মুস্তফা কে. মুজেরী বলেন, রপ্তানি বহুমুখীকরণ সম্প্রসারণে কয়েকটি প্রধান বাধা রয়েছে। এগুলো হলো নীতিগত সমস্যা, অর্থায়নে বাধা, অবকাঠামোর অভাব ও পোশাকবহির্ভূত রপ্তানিকারকদের দুর্বল দর-কষাকষির ক্ষমতা। তিনি আরও বলেন, পোশাক ও পোশাকবহির্ভূত পণ্যের রপ্তানিকারকরা একই সুবিধা পাচ্ছেন না। তিনি আরও বলেন, অবকাঠামো ও যথাযথ সরকারি সহায়তার অভাবে কৃষিপণ্যের রপ্তানি বাড়ছে না। আরেক কারণ হলো, রপ্তানিকেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো এখনো কাজ শুরু করতে পারেনি। তিনি রপ্তানিমুখী বিদেশি বিনিয়োগ বাড়ানো ও যথাযথ ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের পরামর্শ দেন। এটি রপ্তানি বহুমুখীকরণে সহায়তা করবে। বিশেষ করে ব্যবস্থাপনা পর্যায়ে প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের অভাব পোশাকবহির্ভূত খাতগুলোর বিকাশকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি কৃষি, ওষুধ, খাদ্যসহ যেসব খাতে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা রয়েছে, সেগুলোর বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। শুধু তৈরি পোশাকশিল্প নয়, অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতকেও সমানভাবে নীতি-সহায়তা, প্রণোদনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পণ্যভিত্তিক রপ্তানি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের জুলাই-অক্টোবর সময়ে দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ১৭০৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। টাকার অঙ্কে রপ্তানি আয় বাড়লেও বিগত বছরগুলোর তুলনায় ডলারের হিসাবে খুব একটা আশাব্যঞ্জক নয়। নিটওয়্যার রপ্তানিতে ৭ শতাংশ বেড়ে ৭৭১ কোটি ডলারে উন্নীত হয়েছে। ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলারে। অর্থাৎ দুই খাত মিলিয়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৩৭১ কোটি ডলার, যা মোট পণ্য রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ।

পরিসংখ্যানের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, রপ্তানির আকার বাড়লেও পোশাকের ওপর নির্ভরতার অনুপাত প্রায় অপরিবর্তিত রয়েছে। একটি খাতের ওপর ৮০ শতাংশের বেশি নির্ভরতা থাকলে বৈশ্বিক বা অভ্যন্তরীণ যেকোনো ধাক্কা পুরো জাতীয় অর্থনীতিতে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০২৬ সালের অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্ব পণ্য ও সেবা বাণিজ্যের প্রবৃদ্ধি প্রায় ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে। অর্থাৎ বিশ্ববাণিজ্য সম্প্রসারিত হলেও প্রযুক্তিপণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট খাতের প্রবৃদ্ধির বিপরীতে প্রচলিত ভোগ্যপণ্যের বাজারে তীব্র প্রতিযোগিতা ও মূল্যচাপ বজায় রয়েছে।

বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো–মূল্য সংযোজন। প্রচলিত সুতি পোশাকের বাইরে ম্যান-মেড ফাইবার (এমএমএফ), স্পোর্টসওয়্যার, আউটডোর পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল এবং উচ্চমূল্যের ফ্যাশন পণ্যে সক্ষমতা বাড়াতে না পারলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

 

অভ্যন্তরীণ অস্থিরতা ও সরবরাহব্যবস্থার সংকট

বাংলাদেশের পোশাকশিল্পের মূলশক্তি ছিল নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সামর্থ্য। কিন্তু শ্রম অসন্তোষ, কারখানায় উৎপাদনে বিঘ্ন ঘটা, পরিবহন সমস্যা, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং নিরাপত্তা উদ্বেগ–এই সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ ব্যাহত হলে ক্রেতারা বিকল্প দেশের দিকে ঝুঁকে পড়েন। উৎপাদন প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মালিক-শ্রমিক কার্যকর আলোচনা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি ও পরিবহন অবকাঠামো অত্যন্ত জরুরি।

 

রপ্তানি বৈচিত্র্যকরণ: সম্ভাবনা আছে, বাস্তবায়নে ঘাটতি

গত এক দশকে বিভিন্ন নীতিমালায় পোশাকের বাইরে অন্য শিল্পের রপ্তানি বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে রপ্তানি ঝুড়িতে বড় কোনো পরিবর্তন আসেনি। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম: চেঞ্জ অব ফেব্রিক’ প্রতিবেদনে অতিরিক্ত কেন্দ্রীভবন, সুরক্ষামূলক শুল্কনীতি এবং আন্তর্জাতিক মূল্য সংযোজন শৃঙ্খলে সীমিত অংশগ্রহণকে বড় প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইএমএফের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, অর্থনীতিতে বহুমুখিতা আনতে কয়েকটি খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর মধ্যে অন্যতম চামড়া ও চামড়াজাত পণ্য। কাঁচামাল ও শ্রমিকের দক্ষতা থাকলেও এ খাতে বর্জ্য ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্সের ঘাটতি রয়েছে। ওষুধশিল্পে জেনেরিক ও বিশেষায়িত ওষুধে অপার সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক মান, গবেষণা ও মেধাস্বত্ব আইনের প্রস্তুতি জরুরি।

Manual4 Ad Code

কৃষি প্রক্রিয়াজাত খাদ্যে কোল্ড চেইন, আধুনিক প্যাকেজিং এবং পরীক্ষাগার সুবিধা বাড়িয়ে বড় বাজার ধরা সম্ভব। হালকা প্রকৌশল ও প্লাস্টিক পণ্য খাতে কৃষিযন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনে মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো দরকার। একই সঙ্গে সফটওয়্যার এবং বিপিও খাতের মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধির সুযোগ রয়েছে।

এর আগে গত মে মাসে এক অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহসভাপতি হাসান আরিফ বলেন, তৈরি পোশাক খাতের ওপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতিকে বহির্বিশ্বের ধাক্কার মুখে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ১০ মে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত ‘ইফেক্টিভ পার্টিসিপেশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। হাসান আরিফ বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় ৪৮ বিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানি আয়ের প্রায় ৮১ দশমিক ৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তিনি এ অবস্থাকে ‘সংকুচিত রপ্তানি ঝুড়ি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বাজারকেন্দ্রিক ঝুঁকির কথাও তুলে ধরেন। তার ভাষ্য, বাংলাদেশের প্রায় ৪৪ শতাংশ রপ্তানি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যায়।

 

 

বাজার বৈচিত্র্যকরণ এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি

ঐতিহ্যবাহী ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারের বাইরে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বাজারে প্রবেশাধিকার বাড়াতে হবে। তবে এর জন্য শুল্কবাধা দূর করা এবং স্থানীয় ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিপণন বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

পাশাপাশি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নগদ প্রণোদনার ওপর দীর্ঘমেয়াদে নির্ভর না করে বাণিজ্য চুক্তি, জিএসপি প্লাস সুবিধা অর্জন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।

 

বাণিজ্যে কাঠামোগত বাধা: শুল্ক, অর্থায়ন ও নীতি সংস্কার

রপ্তানিযোগ্য পণ্যের কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কহার (বিশ্বব্যাংকের মতে প্রায় ১৮.৮%) রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে। ব্যাংকঋণের উচ্চ সুদ এবং জামানতভিত্তিক ব্যবস্থার কারণে নতুন উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে পিছিয়ে পড়ছেন। অর্থনীতিবিদরা মনে করেন, কাস্টমস ও নথিপত্রসংক্রান্ত জটিলতা দূর করে সেবা সহজীকরণ করা প্রয়োজন।

Manual1 Ad Code

 

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ও পর্যবেক্ষণ

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দুর্বল বৈশ্বিক চাহিদা, উচ্চ ব্যাংকঋণের সুদ, বন্দরের সমস্যা এবং গ্যাস-বিদ্যুৎসংকটের কারণে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় (বর্তমানে ৬০-৭০ শতাংশ) চলতে পারছে না। অপর সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম অসন্তোষ ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে কিছু ক্রেতা বিকল্প দেশের দিকে ঝুঁকছেন।

Manual2 Ad Code

নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. গোলাম মোয়াজ্জেম বলেন, পোশাক খাতে অতিরিক্ত সক্ষমতার কারণে মূল্যযুদ্ধ ও আন্ডারকাট তৈরি হচ্ছে। তিনি অপচয় কমানো, পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অপ্রচলিত বাজারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশের সামনে এখন মূল চ্যালেঞ্জ শুধু মোট রপ্তানি আয় বৃদ্ধি নয়, বরং সেই আয়ের বড় অংশ তৈরি পোশাকের বাইরে থেকে আসা নিশ্চিত করা। একক খাতনির্ভরতা কাটিয়ে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে পারলে তবেই বিশ্ববাজারের যেকোনো অস্থিরতা বা অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।

বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে উল্লেখ করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন, ভারত, জাপানসহ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো অপ্রচলিত বাজারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বা আলোচনা ত্বরান্বিত করা প্রয়োজন। এ ছাড়া পোশাক খাতের ওপর অতিরিক্ত ফোকাস বা অতি-নির্ভরশীলতা কমিয়ে এলডিসি উত্তরণের পরের ইনসেন্টিভ কাঠামোর পরিবর্তনকে কাজে লাগিয়ে নন-গার্মেন্টস পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code