প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ণ
হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব

Manual8 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

প্রতিরোধযোগ্য দুই সংক্রামক রোগ হাম ও ডেঙ্গুর বিস্তারে চাপে পড়েছে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা। হামে বাড়ছে শিশুমৃত্যু, আর ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে একের পর এক। বিশেষজ্ঞদের মতে, হামের টিকাদান কর্মসূচিতে পরিকল্পনা ও বাস্তবায়নের ঘাটতি এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের অভাব পরিস্থিতিকে জটিল করেছে। টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল ও প্রচারণার ঘাটতিতে প্রায় ১৯ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে দ্রুত হামের সংক্রমণ ও মৃত্যু কমার সম্ভাবনা নেই। অন্যদিকে নভেম্বরে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এডিস মশার প্রজনন বাড়তে পারে। এতে ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১৬৬। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৪৭৪। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩১৩। অর্থাৎ এক বছরের ব্যবধানে মৃত্যু বেড়েছে ১৬১। এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ হাজার ১৩৬ জন।

 

হামের টিকাদান পরিকল্পনায় ঘাটতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের ৮ শতাংশ টিকা ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। অভিভাবকদের একাংশ শিশুদের টিকা না দেওয়ায় সংক্রমণ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

Manual6 Ad Code

তবে হামের টিকাদান পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ। তার মতে, প্রাদুর্ভাবের শুরুতেই জরুরি অবস্থা ঘোষণা করে ব্যাপক টিকাদান কর্মসূচি নেওয়া এবং টিকার আওতা ৯৫ শতাংশে উন্নীত করা উচিত ছিল।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে শিশু গণনার মাধ্যমে প্রয়োজনীয় মাইক্রোপ্ল্যানিং করা হয়নি। ফলে প্রকৃত শিশুসংখ্যার তুলনায় কম লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার এই ঘাটতিতে বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে গেছে।

Manual3 Ad Code

এডিস নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের অভাব

Manual8 Ad Code

ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। তার মতে, অর্থ ও শ্রম ব্যয় হলেও এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। কৃত্রিমভাবে পানি জমে থাকা স্থান শনাক্ত করে পানি অপসারণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগ করতে হবে।

ডেঙ্গুতে মৃত্যুর পেছনে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতাও দায়ী বলে মনে করেন ড. কবিরুল বাশার। তার মতে, সরকারি হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ ও শয্যা সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে রোগীদের ঢাকায় স্থানান্তরেও মূল্যবান সময় নষ্ট হয়। অথচ সব রোগীকে ঢাকায় পাঠানোর প্রয়োজন নেই; উপজেলা হাসপাতালেও যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব।

অন্যদিকে স্বাস্থ্য খাতের বরাদ্দের বড় অংশ অবকাঠামো ও যন্ত্রপাতি কেনার পরিবর্তে রোগ প্রতিরোধ, নজরদারি ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারে ব্যয় করা জরুরি বলে মনে করেন অধ্যাপক ডা. বে-নজির আহমেদ। তা না হলে পোলিও, ডিপথেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, যক্ষ্মা ও কুষ্ঠের মতো রোগ ফিরে আসার ঝুঁকি রয়েছে।

Manual6 Ad Code

ড. কবিরুল বাশারের মতে, রোগ নিয়ন্ত্রণে সাময়িক উদ্যোগ যথেষ্ট নয়। বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মশার প্রজননস্থল ধ্বংসসহ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নীতিনির্ধারণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করাও জরুরি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code