প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দ্বিতীয়বার মা হওয়ার পর আড়ালে বুবলী, কোথায় আছেন তিনি?

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ণ
দ্বিতীয়বার মা হওয়ার পর আড়ালে বুবলী, কোথায় আছেন তিনি?

Manual4 Ad Code

 

বিনোদন ডেস্ক:

 

Manual7 Ad Code

ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তিনি কখনো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমার সাফল্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো অভিনয়ের স্বীকৃতি-গত এক দশকে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন। উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠিক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা- তার পথচলাটাও ছিল বেশ বৈচিত্র্যময়। তিনি ২০১৬ সালে বড়পর্দায় অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন।

তবে ক্যারিয়ারের ১০ বছর পূর্তির এই সময়ে এসে নতুন করে আলোচনায় বুবলীর অনুপস্থিতি। দ্বিতীয়বার মা হওয়ার পর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। কন্যাসন্তানের জন্মের খবর জানালেও অভিনয়ে ফেরার বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি তিনি। আজ (২০ নভেম্বর) বুবলীর জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সরব থাকে সামাজিক যোগাযোগমাধ্যম।

কখনো নতুন সিনেমার খবর, কখনো ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবারের জন্মদিনে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিতি, দ্বিতীয়বার মাতৃত্ব এবং অভিনয়ে ফেরার অনিশ্চয়তা-সব মিলিয়ে বুবলীকে ঘিরে ভক্তদের কৌতূহলও বেড়েছে।

চলচ্চিত্রে আসার আগে বুবলীকে দর্শক চিনতেন সংবাদপাঠিকা হিসেবে। এরও আগে কাজ করেছেন উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদপাঠিকা হিসেবে যোগ দেন তিনি। ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাকে পরিচিতি এনে দিলেও চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা শুরুতে ছিল না।

Manual1 Ad Code

২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় বুবলীর। প্রথম সিনেমাতেই বিপরীতে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। একই ঈদে মুক্তি পায় তাদের অভিনীত ‘শুটার’। শুরুতেই দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় চলে আসেন তিনি।

এরপর ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’সহ একের পর এক সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী। পর্দায় এই জুটির জনপ্রিয়তা তাকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় নিয়ে আসে।

শাকিব খানের সঙ্গে বুবলীর পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সন্তানের খবর প্রকাশ করেন দুজন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ।

এরপর শাকিব-বুবলীর সম্পর্ক, পারিবারিক সমীকরণ, একসঙ্গে থাকা না-থাকা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট নিয়ে বারবার আলোচনা তৈরি হয়েছে। কখনো অপু বিশ্বাসকে ঘিরে ভার্চ্যুয়াল বিতর্ক, কখনো শাকিব খানকে নিয়ে বুবলীর বক্তব্য-সব মিলিয়ে তার ব্যক্তিগত জীবনও বিনোদন অঙ্গনের আলোচনার বড় অংশজুড়ে ছিল। অনেক সময় ব্যক্তিগত জীবনের এসব আলোচনা ছাপিয়ে গেছে তার অভিনয়ের খবরকেও।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পেলেও একটা সময় বুবলীর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিজের আলাদা অভিনয় পরিচয় তৈরি করা। শুধু জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় নয়, ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণের তাগিদ থেকে অন্য নায়কদের সঙ্গেও কাজ শুরু করেন তিনি।

Manual4 Ad Code

দশ বছরের অভিনয়জীবনে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম শুনতে হয়নি বুবলীকে। কখনো অভিনয়ের ধরন, কখনো চরিত্র নির্বাচন, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন। তবে এসবের মধ্যেও কাজ চালিয়ে গেছেন। বাণিজ্যিক সিনেমার বাইরে ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার প্রতিও আগ্রহ দেখিয়েছেন।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় চিকিৎসক তিথি চরিত্রে অভিনয় করেন বুবলী। ২০২৬ সালে তার অভিনীত কাজের তালিকায় রয়েছে ‘প্রেশার কুকার’সহ কয়েকটি সিনেমা। তবে ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’র প্রচার-প্রচারণায় তাকে দেখা যায়নি। সিনেমা মুক্তি পেলেও দর্শকের সামনে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী।

 

বুবলীর আড়ালে থাকার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলে শেহজাদ খান বীরের জন্মের খবরও দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি তিনি। ২০২২ সালে বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর বিষয়টি সামনে আসে। এবারও কয়েক মাস ধরে শুটিং, চলচ্চিত্রের প্রচার-প্রচারণা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়নি তাকে।

Manual6 Ad Code

এর মধ্যে গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান বুবলী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে জন্ম হয়েছে মেয়ের। সন্তানের নাম রেখেছেন শারলিন খান। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পরও নিয়মিতভাবে জনসমক্ষে দেখা যায়নি অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি ছিল সীমিত।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর জানিয়েছেন বুবলী। এর আগে কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় দেখা যায় তাকে। সেখানে আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানান দুজন। দীর্ঘ বিরতির পর এই ভিডিও বার্তায় উপস্থিতিকে অনেকেই বুবলীর জনসমক্ষে ফেরার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন।

 

বুবলীর অভিনয়ে ফেরার সময় নিয়েও চলচ্চিত্র অঙ্গনে কৌতূহল রয়েছে। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তাঁর শুটিংয়ে ফেরার কথা শোনা গেলেও পরিকল্পনায় পরিবর্তন এসেছে। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নতুন সিনেমার বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে তার কথাবার্তা চলছে বলেও জানা গেছে। তবে নতুন কোনো সিনেমা কিংবা নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে বুবলীর নিজের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

এক দশকের ক্যারিয়ারে সাফল্য, আলোচনা-সমালোচনা ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় পেরিয়ে এখন মাতৃত্বের নতুন অভিজ্ঞতায় বুবলী। জন্মদিনে ভক্তদের প্রত্যাশা, দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড়পর্দায় ফিরবেন প্রিয় এই অভিনেত্রী। তবে সেই প্রত্যাবর্তন কবে, কোন সিনেমার মাধ্যমে-এখন সেটিই দেখার অপেক্ষা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code