নিজস্ব প্রতিবেদক :
সিলেটের মহাসড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সিলেট-তামাবিল মহাসড়কে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রীসহ দুজনের প্রাণহানি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে জৈন্তাপুরের পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
Manual5 Ad Code
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক কিশোরী নিহত হন। এর কয়েক ঘণ্টা পর হাইড্রলিক ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হন।
Manual2 Ad Code
জানা যায়, সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল এলাকার সিলেট গ্যাস ফিল্ডের মেইন গেটের সামনে নুসরাত তাসনিমসহ চারজনকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে (সিলেট-খ-১২-৫৯৭৮) সিলেটগামী গেইটলক বাস (সিলেট মেট্রো-ব-১১-০০১৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুসরাত নিহত হন। আহত মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত নুসরাত ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। তারা জাফলং বেড়াতে এসেছিলেন।
Manual2 Ad Code
অন্যদিকে, বেলা ১টা থেকে দেড়টার মধ্যে তামাবিল হাইওয়ে থানা এলাকায় জাফলংগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক হাসান মিয়া গুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করেছে পুলিশ।
তামাবিল হাইওয়ে থানার এসআই মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘প্রথম দুর্ঘটনায় নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। দ্বিতীয় দুর্ঘটনায় নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’