নিউজ ডেস্ক :
নাম ও তারিখ পরিবর্তন করে ট্রেনের এক টিকিট ১০ থেকে ১২ যাত্রীর কাছে বিক্রি করতেন এক যুবক। সোমবার (১২ অক্টোবর) এমন অভিযোগে তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আটক রিপন মিয়া ওরফে কালু (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের হারুন মিয়ার ছেলে।
Manual2 Ad Code
প্রশাসন জানায়, সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তির কাছে ৪০টি টিকিটে ৮৩টি আসনের ভুয়া টিকিট জব্দ করা হয়। কালুর নেতৃত্বে কালোবাজারিদের একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া টিকিট বানিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা একটি টিকিটকে কম্পিউটারের মাধ্যমে নাম ও তারিখ বদলের পর ফটোকপি করে ১০ থেকে ১২ জনের কাছে বিক্রি করতেন। আটকের পর ভাম্যমাণ আদালতের মাধ্যে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
Manual1 Ad Code
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম বলেন, একাধিক এনআইডির বিপরীতে আটক ব্যক্তি টিকিট মজুত করে রাখতেন। ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে রেলে ভ্রমণ করতে পারে, তা নিশ্চিত করা হবে।