প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সচিবালয় কেপিআই হিসেবে পরিচিত। সচিবালয়কে সুরক্ষিত রাখতে এর নিরাপত্তার জন্য তিন স্তর সাজানো হচ্ছে। এ বিষয়ে আজ গণপূর্ত মন্ত্রণালয়ে এক সভা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Manual4 Ad Code
সভা-সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সচিবালয় এখন অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদিও কেপিআই হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা বহাল রয়েছে, এরপরও নির্বাচনকে সামনে রেখে নতুন করে কয়েক স্তরের নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে।
গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ে ৭ নং ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে সড়ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ বড় ধরনের ক্ষতির শিকার হয়। অনেক ফাইলপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়। তবে দিনটি সরকারি ছুটির দিন থাকার ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনাকে কেউ কেউ নাশকতা বলে মনে করেন। আবার তদন্ত কমিটি বলেছে, শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের পর সরকারের বেশ টনক নড়ে।
অটোপাস নিয়ে আন্দোলনরত ছাত্ররা হঠাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এ ছাড়া বিভিন্ন সংগঠন দাবি-দাওয়া আদায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করে। সচিবালয়ের দিকে দাবি-দাওয়া নিয়ে প্রবেশের প্রবণতা বাড়ছে। এই ধরনের ঘটনা নিয়ে সরকারের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এই ধরনের দাবি-দাওয়ার পেছনে কোনো ধরনের নাশকতা থাকতে পারে কি না তা নিয়ে এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরকারের মধ্যে সন্দেহ বাড়ছে। আর সেই সন্দেহ ও আশঙ্কা হচ্ছে নাশকতার। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন সরকারের অনেক নীতি নির্ধারক। সন্দেহভাজন কর্মকর্তা ও কর্মচারীরা যেন কোনো ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। অন্যদিকে আজকের সভায় সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্ব পাবে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা রাখা হবে। এই স্তরের মধ্যে প্রাধান্য পাবে সচিবালয়ের ভবন। কারণ ভবনের ক্ষতিসাধন এখন বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরের মতো যেন কোনো ধরনের অগ্নিকাণ্ড না ঘটে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।
Manual4 Ad Code
সচিবালয়ে দর্শনাথীর প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হতে পারে। এখন কড়াকড়ি আরোপ থাকলেও, গেটে ডিজিটাল পাসের চেয়ে অভ্যর্থনা কক্ষে রাখা বিভিন্ন ধরনের রিকুইজিশন ও টেলিফোনে যোগাযোগ আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।
Manual2 Ad Code
এ ছাড়া সচিবালয়ে গাড়ি প্রবেশের বিষয়ে স্টিকারের বাধ্যবাধকতা থাকলেও অনেক পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মহলের অনুরোধের ঢেঁকি গিলতে হয়।