গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
Manual4 Ad Code
অভিযানে এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। পরে পশ্চিম জাফলং ইউনিয়নের মাইজগাঁও এলাকায় কাউসার মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
Manual4 Ad Code
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। চক্রটি বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ভারতে পাঠানোর কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় তাদের মোবাইল ফোন, ব্যাগ, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
Manual3 Ad Code
গোপন সংবাদের ভিত্তিতে কাউসার মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Manual1 Ad Code
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মানবপাচারকারীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান প্রয়োজন। মানবপাচারকারীরা বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষকে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে। পরে অনেকেই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারান।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপার বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশ জিরো টলারেন্স।