শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন: উদ্বেগ পেরিয়ে স্বস্তির বার্তা
শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন: উদ্বেগ পেরিয়ে স্বস্তির বার্তা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
প্রজন্ম ডেস্ক:
Manual4 Ad Code
দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক উত্তাপ এবং নানামুখী শঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত বড় কোনও সহিংসতা বা প্রাণহানি ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।
ভোটের আগে অনেকেই আশঙ্কা করেছিলেন—সংঘর্ষ, কেন্দ্র দখল কিংবা বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। তবে নির্বাচনের দিন বাস্তব চিত্র ছিল ভিন্ন। বিচ্ছিন্ন কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছে দেশবাসী।
সংশ্লিষ্টদের মতে, এটি শুধু প্রশাসনিক সাফল্য নয়; রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহনশীলতাও বড় ভূমিকা রেখেছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও নিরবচ্ছিন্ন ভোটের প্রত্যাশায় ছিল জনগণ। তারা সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে ভোট দিতে চেয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই প্রত্যাশারই প্রতিফলন। রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভোটারদের এই সচেতনতা নির্বাচনকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আশঙ্কা থাকলেও ছিল নিয়ন্ত্রণে
নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সহিংসতার শঙ্কা জোরালো ছিল। বিশেষ করে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলো নিয়ে প্রশাসন ও জনমনে উদ্বেগ ছিল। তবে বাস্তবে দেখা গেছে, বিচ্ছিন্ন কিছু উত্তেজনা ছাড়া বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
কিছু এলাকায় ভোটকেন্দ্র ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমাবাজি, বিক্ষোভ ও বাকবিতণ্ডার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়ে ভোটগ্রহণ স্বাভাবিক রাখেন। বিশেষ করে সশস্ত্রবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা
Manual2 Ad Code
নিরাপত্তায় কার্যকর প্রস্তুতি
প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ, অতিরিক্ত ফোর্স মোতায়েন, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা—এসব পদক্ষেপ মাঠে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক এলাকায় ভোটের আগের রাত থেকেই টহল জোরদার করা হয় এবং প্রার্থীদের প্রভাব বিস্তারের চেষ্টা প্রতিহত করা হয়। ফলে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ কমে যায়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ‘প্রতিরোধমূলক’ কৌশলই সহিংসতা কমাতে বড় ভূমিকা রেখেছে।
নির্বাচনের দিন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তুষ্ট। অনেকেই বলছেন, আগের নির্বাচনের তুলনায় এবার কেন্দ্রে যাওয়ার পথে ভয় বা অনিশ্চয়তা ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বড় ধরনের সহিংসতা না হওয়া দেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা। এতে জনগণের আস্থা কিছুটা হলেও বেড়েছে।
১৯৯১ সালের পর বিগত ৩৫ বছরের মধ্যে এই প্রথম কোনও জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় একজন ব্যক্তিও নিহত হননি— যা নজিরবিহীন।
বিশেষজ্ঞ ও নেতাদের প্রতিক্রিয়া
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই স্থিতিশীলতা বজায় রেখে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতার পথে এগিয়ে যাবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকী বলেন, “নির্বাচনে বিজয়ী ও বিজিত— উভয় পক্ষকেই অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে। যাদের কাঁধে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ন্যায়, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, এটাই প্রত্যাশা।”
বিগত নির্বাচনগুলোতে বেশি প্রাণহানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এবার তা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান বলেন, “নির্বাচনের আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্পষ্ট বার্তা দেয়— তারা একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং কোনও ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা বরদাস্ত করা হবে না। তিন বাহিনীর সমন্বিত অবস্থান সম্ভাব্য সহিংসতাকারীদের জন্য শক্ত সতর্কবার্তা হিসেবে কাজ করেছে।”
Manual5 Ad Code
মাঠপর্যায়ে নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়িয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনিয়ম বা বিশৃঙ্খলার ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “জনগণ, নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সদিচ্ছাই নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হয়েছে।”
তিনি আরও বলেন, “এতো বড় একটি জাতীয় নির্বাচনে ছোটখাটো উত্তেজনা বা অভিযোগ থাকতেই পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ঘটনার কথা উঠলেও সেগুলো বড় কোনও সহিংসতায় রূপ নেয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।”
পরাজিত দলগুলোর গণতান্ত্রিক আচরণকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তার মতে, ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ প্রতিক্রিয়া জানানো রাজনৈতিক সংস্কৃতির জন্য শুভ লক্ষণ। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণতান্ত্রিকভাবে প্রতিক্রিয়া জানানো রাজনৈতিক পরিপক্বতার ইঙ্গিত বহন করে।
সব মিলিয়ে বলা যায়, সব সংশয় ঝেড়ে বড় কোনও অঘটন ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে যে স্বস্তি প্রকাশ করেছেন, তা ভবিষ্যতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।